ঘুরে আসুন শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা - Bangladesh Traveling

Breaking

Saturday, July 4, 2020

ঘুরে আসুন শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা



শিল্পাচার্য জয়নুল আবেদীনের জন্মস্থান ময়মনসিংহ জেলা শহরের সাহেব কোয়ার্টার এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে তাঁর কালজয়ী চিত্রকর্ম ও ব্যবহার্য নানান রকম জিনিস নিয়ে শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা (Shilpacharya Zainul Abedin Sangrahashala) গড়ে তোলা হয়েছে। ১৯৭৫ সালের ১৫ এপ্রিল শিল্পাচার্য জয়নুল আবেদীন জেলা প্রশাসনের সহায়তায় নিজের ৭০টি চিত্রকর্ম নিয়ে তৎকালীন উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের মাধ্যমে এই সংগ্রহশালার উদ্বোধন করেন। পরবর্তীতে ১৯৮৭ সালে শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালাটি একটি দ্বিতল ভবনের রূপ লাভ করে।

শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা


এছাড়া শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা এলাকায় ব্রহ্মপুত্র নদকে ঘিরে বাঁধ দিয়ে শিল্পাচার্য জয়নুল উদ্যান গড়ে তোলা হয়েছে। প্রতিদিন সকাল-সন্ধ্যা অসংখ্য দর্শনার্থী শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা এবং উদ্যান পরিদর্শনে আসেন। বর্তমানে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা বাংলাদেশ জাতীয় জাদুঘর কতৃক পরিচালিত হচ্ছে।

টিকেট মূল্য ও সময়সূচী
১২ বছর বয়স পর্যন্ত শিশুদের জনপ্রতি প্রবেশ মূল্য ১০ টাকা, দেশের সাধারণ নাগরিকদের জন্য জনপ্রতি ২০ টাকা, সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য প্রবেশ ফি ৩০০ টাকা এবং অন্য সকল দেশের বিদেশি নাগরিকদের জন্য প্রবেশ টিকেটের মূল্য ৫০০ টাকা।

এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত শনিবার থেকে বুধবার প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত সংগ্রহশালাটি খোলা থাকে। আর অক্টোবর হতে মার্চ মাস পর্যন্ত শনিবার থেকে বুধবার প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা ৩০ মিনিট পর্যন্ত শিল্পাচার্য জয়নুল আবেদিন জাদুঘর পরিদর্শন করা যায়। এছাড়া সপ্তাহের প্রতি শুক্রবার দুপর ৩ টা থেকে সন্ধ্যা ৮ পর্যন্ত সংরহশালায় প্রবেশ করা যায়। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা সকলের জন্য বন্ধ থাকে।


 
কিভাবে যাবেন
ঢাকা থেকে ময়মনসিংহ আসতে প্রায় ৩ ঘন্টা সময় লাগে। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল হতে এনা, সৌখিন সহ আরও বেশকিছু বাস সার্ভিস ঢাকা টু ময়মনসিংহ রুটে চলাচল করে। এছাড়া ঢাকা হতে প্রতিদিন ৭টি আন্তনগর এবং মেইল ট্রেন ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশন বা বাস টার্মিনাল থেকে রিকশা, সিএনজি কিংবা ইজিবাইক যোগে শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালায় যেতে পারবেন।

কোথায় থাকবেন
ঢাকা ও আশেপাশের জেলা থেকে ময়মনসিংহ গেলে দিনে গিয়ে দিনেই ফিরে আসার সুযোগ রয়েছে। তবে প্রয়োজনে রাতে থাকতে চাইলে ময়মনসিংহ শহরে অবস্থিত হোটেল আমির ইন্টারন্যাশনাল, হোটেল আল হেরা, হোটেল মোস্তাফিজ, সিলভার ক্যাসেল, রিভার প্যালেস, হোটেল আসাদ, ঈশা খাঁ এবং হোটেল নিরালায় যোগাযোগ করতে পারেন।

কোথায় খাবেন
ময়মনসিংহের ভালো মানের খাবার হোটেলের মধ্যে সারিন্দা, হোটেল খন্দকার, ধান সিড়ি, সেভেন ইলেবেন, হোটেল মিনার, রোম থ্রি এবং ময়মনসিংহ প্রেস ক্লাব কেন্টিন ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়া সময় সুযোগ থাকলে ময়মনসিংহের ঐতিহ্যবাহী মালাইকারী, গুড়ের সন্দেশ, মুক্তাগাছার মন্ডা এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের খাঁটি দই খেয়ে দেখতে পারেন।

ময়মনসিংহের অন্যান্য দর্শনীয় স্থান
শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা ও পার্ক ছাড়াও হাতে সময় থাকলে ময়মনসিংহ শহরে অবস্থিত শশী লজ, আলেকজান্ডার ক্যাসেল, ময়না দ্বীপ, ময়মনসিংহ জাদুঘর এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ঘুরে দেখতে পারেন।

No comments:

Post a Comment